বিমান দুর্ঘটনায় মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ড আহত

আপডেট : ০৬ মার্চ ২০১৫, ১৬:২৮
 
 
লস অ্যাঞ্জেলেসে একটি ছোট বিমান দুর্ঘটনায় মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ড আহত হয়েছেন।
 
ইন্ডিয়ানা জোনস ও স্টার ওয়ার সিনেমায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পাওয়া ৭২ বছর বয়সী এই তারকাকে বহনকারী পুরনো বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে একটি ভেনিস গল্ফ কোর্সে বিধ্বস্ত হয়। খবর এএফপি’র। 
 
দমকল বিভাগের এক মুখপাত্র জানান, চিকিৎসা কর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তিনি নিঃশ্বাস নিচ্ছিলেন। তিনি জ্ঞান হারাননি। 
 
চিকিৎসাকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার শারীরিক অবস্থা ‘মোটামুটি ভাল’।
 
তার ছেলে বেন হাসপাতাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘বাবা ভালো আছেন। দুর্ঘটনায় তিনি আঘাত পেলেও ঠিক আছেন।’