বিদেশি বন্ধুরা বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না: হানিফ

আপডেট : ০৬ মার্চ ২০১৫, ১৯:১৮
 
 
 
 
 
 
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘জনগণ না চাইলে বিদেশি বন্ধুরা বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না। তাই বিদেশি প্রভুদের কাছে না গিয়ে জনগণের কাছে ধরনা দেয়ার জন্য তিনি বিএনপি নেত্রীর প্রতি আহ্বান জানান। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। সাতই মার্চে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এই প্রস্তুতি সভার আয়োজন করে।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘নির্বাচিত সরকার পতনের জন্য খালেদা জিয়া দুই মাস ধরে জ্বালাও-পোড়াও করেছেন। মানুষকে পুড়িয়ে মারছেন। অথচ এতে তার কোনো লাভ হয়নি। আর লাভ হবে না বুঝতে পেরে এখন তিনি বিদেশি প্রভুদের কাছে আকুতি-মিনতি করছেন।’
বিএনপি নেত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার না করলে আপনার জন্য করুন পরিণতি অপেক্ষা করছে।’
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ছাত্রলীগের সহসভাপতি জয়দেব নন্দী প্রমুখ।