সমঝোতা না করলে দায় সরকারকেই নিতে হবে: বিএনপি

আপডেট : ০৬ মার্চ ২০১৫, ২১:২১
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বিএনপি এবং ২০ দলীয় জোট শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী দেশের সর্ববৃহৎ রাজনৈতিক জোট। আমরা জাতীয় রাজনৈতিক সংকট সমাধানে আলোচনা, সংলাপ-সমঝোতায় বিশ্বাসী। জাতীয় এবং জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক মহলের সংকট নিরসনের সকল উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি। সময় ফুরিয়ে যাওয়ার আগেই সরকারি মহলের শুভবুদ্ধির উদয় হবে বলে জনগণ আশা করে। অন্যথায় উদ্ভুত যেকোন পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে আন্দোলন দমনে গণহত্যার লাইসেন্স প্রদান করার পর এখন হত্যার দায়মুক্তির আইন করার সরকারি তৎপরতার খবর পত্রিকায় প্রকাশিত হচ্ছে ইদানিং। শাসকগোষ্ঠীকে স্মরণ করিয়ে দিতে চাই-এই আইন শেষ আইন হবেনা, ভবিষ্যতে আরো আইন হবে। অসাংবিধানিক, মৌলিক ও মানবাধিকার হরণকারী কোন আইন আপনাদের রক্ষা করতে পারবেনা। আন্তর্জাতিক আদালতের বিচারের আওতায় পৃথিবীর অন্যান্য গণহত্যাকারী স্বৈরশাসক এবং তার দোসরদের পরিণতির দিকে লক্ষ্য রাখার পরামর্শ প্রদান করছি শাসকগোষ্ঠী ও তাদের আজ্ঞাবহ আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় কর্তা ব্যক্তিদের।