আইএস’কে হটিয়ে শহর দখল নিয়েছে ইরাকি বাহিনী

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১২:৩৬
 
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হটিয়ে ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর আল-বাগদাদি’র দখল নিয়েছে ইরাকি বাহিনী। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
গত মাসে আল-বাগদাদি শহরটি দখল করেছিল আইএস। শহরটি যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে আট কিলোমিটার দূরে। এই ঘাঁটিতে ইরাকি বাহনীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর ‘সুনির্দিষ্ট ও কার্যকরী’ বিমান হামলার পর ইরাকি বাহিনী শহরটির দখল নেয়।
ইরাকি বাহিনী জানিয়েছে, ইরাকে রাজধানী বাগদাদ ও আইএস অধিকৃত মসুলের মাঝে অবস্থিত তিকরিত শহরটি পুনর্দখলের অভিযানে তারা এগিয়ে যাচ্ছে। এই অভিযানে ইরাকি বাহিনীর ৩০,০০০ সেনা ও শিয়া বেসামরিক বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করছে।
এই বাহিনীর সামরিক কমান্ডাররা জানিয়েছেন, মিলিত বাহিনী তিকরিতের দক্ষিণাংশের শহরতলী আল-দউর এ প্রবেশ করেছে।
শিয়া বেসামরিক বাহিনীর এক কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আল দউর পুরোপুরি মুক্ত করা হয়েছে। তবে ইরাকি বাহিনী পুরো টাউনটির দখল নিয়েছে কিনা তা পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি।