নাটোরে অস্ত্র-গুলিসহ যুবক আটক

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১৫:১০
নাটোরে শহরের দক্ষিণ বড়গাছা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মাসুদ রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টা থেকে ওই বাড়ীটি ঘিরে রাখে পুলিশ। শনিবার সকাল সাড়ে আটটার দিকে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নায়িরুজ্জামান,  পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার ওই বাড়ীতে গিয়ে সন্ত্রাসী মাসুদকে আত্মসমর্পণের কথা বলে। মাসুদ তার দেড় বছরের শিশু কন্যা ও স্ত্রীকে জিম্মি করে ঘরের দরজা আটকিয়ে রাখে এবং নিজে আত্ম হত্যা করবে বলে হুমকি দেয়। এক পর্যায়ে পুলিশ ওই ঘরের দরজা ভেঙ্গে মাসুদকে গ্রেফতার করে। এ সময় ঘরের শো-কেসের ড্রয়ার থেকে একটি রিভালবার, একটি পিস্তল, ৫৬ রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১২ থেকে তাকে আটকের চেষ্টা করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে মাথায় পিস্তল তাক করে অত্মহত্যার হুমকি দেয়। আটকের পর  মাসুদ নিজেকে নাটোর পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে দাবি করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মাসুদ রানার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে।