ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১৮:১২
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া পিটিআই স্কুল মোড়ে দিনদুপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন মারা গেছেন। শনিবার এ ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম ছফির উদ্দিন ভূঁইয়া (২৮)। তিনি প্রাণ কোম্পানির এক মার্চেন্ডাইজার (প্রতিনিধি)।  ময়মনসিংহেন ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুস সালাম মিয়ার পুত্র তিনি।
ছফিরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা কবির জানান, পিটিআই স্কুলের সামনে রক্তাক্ত আহত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে একটি ইজিবাইকে তুলে তাকে তিনি সদর হাসপাতালে নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছফির সিএনজি দিয়ে যাচ্ছিল। ছিনতাইকারীরা তার সিএনজি গতিরোধ করে তার কাছে থাকা ক্যামেরা ও অন্য মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। দিতে না চাইলে তারা তাকে ছুরিকাঘাত করে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক আফরাজুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।