ইরানের সঙ্গে চুক্তি করতে ফরাসি সহায়তা জোরদার চান কেরি

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১৮:২৭


ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে ইউরোপীয় সহায়তা জোরদার করার লক্ষ্য নিয়ে শনিবার প্যারিসে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মার্কিনমন্ত্রী তার কূটনৈতিক সফরের অংশ হিসেবে লন্ডন থেকে প্যারিসে আসছেন। তিনি এখানে ফরাসি, জার্মান ও ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীদের ব্রিফ করবেন।
কেরি চলতি সপ্তাহের শুরুতে সুইজারল্যান্ডে তিন দিনের সফর করেন। তিনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে চুক্তি করতে ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে আকস্মিক বৈঠক করেন। আগামী ৩১ মার্চ ইরান ও বিশ্বশক্তির মধ্যে চুক্তির নির্ধারিত সমসীমা শেষ হচ্ছে।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী লরাঁ ফেবিয়াস শনিবার কেরির সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। তবে ফ্রান্সের মন্ত্রীর মধ্যে এখনও চুক্তির ব্যাপারে সংশয় রয়েছে।
লাটভিয়ায় ইইউ পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের ফাঁকে ফেবিয়াস বলেন, ‘কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তবে চুক্তির জন্য পরিস্থিতি এখনও যথেষ্ট নয়। তাই আরো কাজ করতে হবে।’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা আগামী ১৫ মার্চ শুরু হবে। এছাড়া ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরো আলোচনা হতে পারে।