'চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তোরণের উপায় আলোচনা'

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ২০:২৪
 
 
 
 
রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন—দেশে চলমান পরিস্থিতি একটি রাজনৈতিক সংকট। এ থেকে উত্তরণের উপায় আলোচনা। বৈঠকে ব্যবসায়ী নেতাবৃন্দ অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘সহিংসতা, জঙ্গিবাদ, সংলাপ ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ সব বক্তব্য উঠে আসে।
বৈঠকে বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, ‘দেশে বর্তমানে আদর্শিক দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বের সমাধান হতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক সমাজে সংলাপের বিকল্প নেই।’
ড. মেসবাহ কামাল বলেন, ‘দেশের মানুষের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। দেশের এ পরিস্থিতিতে সংলাপ দরকার। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে জাতীয় সংলাপ হতে হবে।’
এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, ‘দেশের এ অবস্থায় ঐকমত্য তৈরিতে জাতীয় সংলাপ হতে হবে। দেশে আমরা তৃতীয় কোনো শক্তির উত্থান দেখতে চাই না।’
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘টানা অবরোধের ৬০ দিন পার হয়েছে। এর শেষ কোথায় আমরা বলতে পারি না। গঠনমূলক রাজনীতির মাধ্যমেই দেশের এই পরিস্থিতির অবসান হতে পারে।’
সাবেক মন্ত্রী জি এম কাদের বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি হলো রাজনৈতিক ফলশ্রুতি। আলাপ-আলোচনা-সমঝোতা ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তরণ শুভকর হবে না।’
সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, ‘দেশের চলমান সমস্যা রাজনৈতিক। এ সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। দেশের দুই প্রধান দলের নেত্রীই এই সমস্যার সমাধান করতে পারেন।’
সাবেক এমপি গোলাম মওলা রনি বলেন, ‘সত্যিকার অর্থেই জাতি একটি খারাপ সময় অতিক্রম করছে। সন্ত্রাস ও ইসলামের বিষয়ে কথা বলার বিষয়ে সরকারের লোকদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে।’
বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এ কে মো. আলী শিকদার।
আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল মান্নান, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অহিদুজ্জামান ছাড়াও বিভিন্ন পেশার বিশিষ্টজনরা অংশ নেন।