নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে এবার রাষ্ট্রদ্রোহ মামলায় ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় দশ দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার মান্নাকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর রাষ্ট্রদ্রোহ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ আহমেদ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতাউল হক রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সেনা বিদ্রোহে উস্কানি দেয়ার অভিযোগে একই থানায় (গুলশান) দায়ের করা একটি মামলায় ২৫ ফেব্রুয়ারি মান্নাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অপরদিকে রাষ্ট্রদ্রোহ মামলাটি তদন্ত করছে গুলশান থানা পুলিশ। তবে গোয়েন্দা সূত্র জানিয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলাটিরও তদন্ত গোয়েন্দা দফতরে ন্যস্ত হবে।
মাহমুদুর রহমান মান্নার রিমান্ড চলাকালেই ৫ মার্চ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এছাড়াও এ মামলায় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে।
উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মধ্যকার ফোনালাপ এবং মান্না ও অজ্ঞাত এক ব্যক্তির ফোনালাপের দু’টি অডিও ক্লিপ গত ২২ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই মান্নাকে নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা শুরু হয়। গত ২৪ ফেব্রুয়ারি পুলিশ মান্নাকে গ্রেফতার করে।
