জেলে ঢুকে একদল উত্তেজিত জনতা ধর্ষণে অভিযুক্তকে বের করে এনে পিটিয়ে হত্যার পর এখনো উত্তপ্ত রয়েছে নাগাল্যান্ডের ডিমাপুর। নাগাল্যান্ড ছাড়াও আসামের বিভিন্ন এলাকায় প্রতিবাদে নেমেছে জনতা। পরিস্থিতি সামাল দিতে ডিমাপুরে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।
রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে এখন অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে।
ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইলে তোলা ভিডিও দেখেই এই ১৮ জনকে সনাক্ত করা হয়েছে বলে রাজ্য পুলিশ জানিয়েছে।
ধর্ষণ অভিযুক্তকে হত্যার ঘটনাকে প্রশাসনের চরম ব্যর্থতা হিসেবে মনে করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় ৩ জন সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে রাজ্য সরকার। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ঘটনার নিন্দা করেছেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সিবিআই তদন্ত দাবি করেছে বিরোধী দল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট। সূত্র: জিনিউজ
