জয়পুরহাট জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদকে কারাগারে পাঠানোর প্রতিবাদে জয়পুরহাটে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জামায়াত। গতকাল রোববার বিকেল ৩টার দিকে জরুরি এক মিটিং থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ জানিয়েছেন।
ফজলুর রহমান সাঈদ জানান, জয়পুরহাটে বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় অ্যাডভোকেট মামুনুর রশিদকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। এর জের ধরে শনিবার রাতে পুলিশ তার বাসায় তল্লাশি ও ভাঙচুর চালায়। রোববার দুপুরে দুটি মামলায় আত্মসমর্পণ করলে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে আত্মসমর্পন করেন। আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে বলে জানান জেলা জামায়াতের আমির।
