নারী অগ্রগতিতে বাংলাদেশের চেয়ে পিছিয়ে ভারত

আপডেট : ০৯ মার্চ ২০১৫, ১১:৩৫
 
জাতিসংঘ যখন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী-পুরুষের সমতা আনার কথা বলছে তখন ভারতের নারীরা সামাজিক এবং অর্থনৈতিক সূচকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নারীদের চেয়ে পিছিয়ে আছেন। এদিকে গতকাল দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নারীর বিরুদ্ধে অপরাধ দেখলে লজ্জায় মাথা অবনত হয়ে যায়।
মাস্টারকার্ড নামের একটি কোম্পানি পরিচালিত ‘নারীর অগ্রগতি’ শীর্ষক জরিপে দেখা গেছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ১৬টি দেশের মধ্যে ভারতের (স্কোর ৪৪ দশমিক ২) অবস্থান শেষে। বাংলাদেশের স্কোর ৪৪ দশমিক ৬ এবং শ্রীলঙ্কার স্কোর ৪৬ দশমিক ২। নারীর আর্থ-সামাজিক দিক বিবেচনা করে এই সূচক নির্ধারণ করা হয়েছে। নারীর অগ্রগতিতে সবচেয়ে ভাল অবস্থানে আছে নিউজিল্যান্ড (স্কোর ৭৭), দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া যাদের স্কোর ৭৬। এরপর ফিলিপাইনস ৭২ দশমিক ৬ এবং সিঙ্গাপুরের স্কোর ৭০ দশমিক ৫। প্রধানমন্ত্রী মোদী বিবৃতিতে জানান, নারীর বিরুদ্ধে সহিংসতা এবং হয়রানি প্রতিরোধে হেল্পলাইন ছাড়াও ‘ওয়ান স্টপ সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে।