কুমিল্লায় কলেজ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৯ মার্চ ২০১৫, ১৩:৩৩
 
কুমিল্লায় রিফাত (২০) নামের এক কলেজ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের রাস্তার পাশের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। রিফাত সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মিজানুর রহমানের পুত্র এবং স্থানীয় চৌয়ারা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর মোটর সাইকেল নিয়ে পার্শ্তবর্তী এলাকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কয়েকজন বন্ধুর সাথে রিফাত বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। ঐদিন সন্ধ্যা থেকে তার ব্যবহূত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। আজ সকালে সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের রাস্তার পাশের একটি খালে মস্তকবিহীন মরদেহ ও এর প্রায় ৪০ গজ দূরে মাথাটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি রিফাতের বলে শনাক্ত করে। তবে রিফাতের মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
সদর দক্ষিণ মডেল থানার ওসি প্রশান্ত পাল জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।