জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন সড়কের দুই ধারের গাছ কেটে নিয়ে যাচ্ছে দৃর্বৃত্তরা। দিনে ও রাতে এসব গাছ কেটে নিয়ে গেলেও সংশিষ্ট কর্তৃপক্ষ গাছ কাটা বন্ধের জন্য কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলের এক শ্রেণীর অসাধু নেতা ও কয়েকজন ইউপি সদস্য এ কাজের সাথে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সড়ক ও জনপদ এবং স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের (এলজিইডি) অধীন পাঁচবিবি-বারোকান্দ্রি, পাঁচবিবি-কামদিয়া সড়কের দুই পাশের গাছ প্রতিদিন কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। দিনের বেলায় গাছ কাটা কম হলেও গভীর রাতে চলে ইউক্যালিপটাস, আকাশময়ি, শিশু গাছ, রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটার মহোৎসব। এসব গাছ ভ্যান, ট্রাক, স্যালো ইঞ্জিন চালিত নছিমনে করে রাতের আধারে ইট ভাটায় ও গ্রামাঞ্চলে গজে ওঠা করাত কলে নিয়ে যাওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন সড়কের দুই পাশ থেকে কোথাও দুটি, কোথাও চারটি, কোথাও বা একই স্থান থেকে ১০ থেকে ১২ টি পর্যন্ত গাছ কাটা হয়েছে। কিছুদিন পর গর্ত করে এসব গাছের গোড়া উঠিয়ে দিনমজুররা খড়ি হিসাবে বাজারে বিক্রি করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জানানো হবে।
