রাশিয়ার বিরোধীদলীয় নেতা বরিস নেমেৎসাভ হত্যাকাণ্ডে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদের মধ্যে একজন সাবেক পুলিশ কর্মকর্তা বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
রবিবার রাশিয়ার একটি আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। আসামিরা হলেন অ্যানজর গুবাশেভ ও জাউর দাদায়েভ। তারা দুইজনই চেচনিয়ান। এদের মধ্যে জাউর দাদায়েভ নেমেৎসাভ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিবিসি।
এদিকে রয়টার্স জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন সাবেক পুলিশ কর্মকর্তা। তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার নাম জানায়নি গণমাধ্যমটি।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরো তিনজনকে রবিবার আদালতে হাজির করা হয়েছে। তাদেরকে আদালত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি রাতে হেঁটে মস্কোর রেড স্কয়ারের কাছের নিজ বাড়িতে ফেরার সময় পেছন থেকে গুলি করে নেমেৎসাভকে খুন করা হয়। সূত্র: বিবিসি ও রয়টার্স।
