হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের মুখোমুখি করব: জয়

আপডেট : ০৯ মার্চ ২০১৫, ১৬:৫৭
 
অপহরণ ও হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই মন্তব্য করেছেন।
ফেসবুকে জয় লিখেছেন, ‘আমাকে যখন কেউ হত্যার চেষ্টা করছে, সেটিও তখন আমি খুবই ব্যক্তিগত ব্যাপার হিসেবে নিচ্ছি। যারা এর জন্য দায়ী, তারা বিএনপির যতো উচ্চ পর্যায়ের নেতৃত্বই হোক না কেন, আমি তাদের হদিশ বের করে বিচারের মুখোমুখি করব।’
জয় উল্লেখ করেন, ৪ মার্চ মার্কিন আদালতে ক্ষতিগ্রস্ত হিসেবে তিনি একটি বক্তব্য পেশ করেছেন। সেই আদালতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের পুত্র রিজভী আহমেদ সিজারের সাজা ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রীর পুত্র জয় বলেন, ‘বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব সিজারকে মাসে ৪০ হাজার মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রথম দফায় ৩০ হাজার মার্কিন ডলার নগদ দিয়েছে। তদন্ত চলছে, তাই আমি তাদের নাম প্রকাশ করতে পারছি না। বিএনপি আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনা করেছিল।’
এগুলো কোনো রাজনৈতিক দলের আচরণ হতে পারে না মন্তব্য করে তিনি, ‘এগুলো জঙ্গিদের আচরণ। যে দল নিরীহ মানুষ ও শিশুকে জ্যান্ত পুড়িয়ে মারে, তাদের কাছ থেকে আর কী আশা করা যায়?’
 
IMG0
 
জয় বলেন, ‘যেসব পত্রিকা ও সুশীল সমাজ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে কখনো পিছপা হয় না, তারা এ বিষয়ে একেবারে নিশ্চুপ। বিএনপি অপহরণ ও হত্যা করতে পারে, তার পরও তারা কখনোই বিএনপিকে সরাসরি দায়ী করে কিছু বলবে না। তারা সব সময় দুই দলকে দোষী করবে। আমাকে হত্যা করার জন্য বিএনপির এ প্রচেষ্টার স্বপক্ষে তারা কোন যুক্তি তুলে ধরবে এখন?’