‘সরকার কোন ধরনের হুমকিতে ভীত নয়’

আপডেট : ০৯ মার্চ ২০১৫, ১৯:২০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, সরকার কোন ধরণের হুমকি ধামকিতে ভীত নয়। দেশে বর্তমানে উন্নয়ন ও গণতন্ত্রের সুবাতাস বইছে। গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংসের জন্য বিএনপি জামায়াতের মদদে সন্ত্রাসী কর্মকাণ্ড করে পেট্রল বোমা, ককটেল মেরে সাধারণ মানুষকে নির্বিচারে খুন করছে। ক্ষমতায় যাবার জন্য  নির্বাচনই হচ্ছে নিয়মতান্ত্রিক পন্থা। অতীতের মত পেছনের দরজা দিয়ে বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের দিন শেষ হয়ে গেছে। গণতান্ত্রিক ধারায় বিএনপি গঠিত না হওয়ায় তারা গণতন্ত্রের মর্ম বোঝে না। 
১৪ দল ঘোষিত উত্তরবঙ্গ অভিমুখে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকাল সাড়ে ৬টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ সভাপতিত্ব করেন।
তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তথাকথিত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েমকারীদের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হািসনা আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধকালীন পাক-হানাদার ও তাদের দোসরদের ছাড়া অন্য কোন সময় এভাবে নির্বিচারে গণহত্যা মানুষ কখনও দেখেননি। তাদের অবরোধ, হরতাল প্রত্যাখ্যান করে মানুষ স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছেন। এতেও তাদের মোহভঙ্গ হয়নি। 
তিনি আরো বলেন-৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে মার্শাল ল’ আসতো। কষ্টার্জিত গণতন্ত্র ভুলুণ্ঠিত হতো। জননেত্রী শেখ হাসিনা সংবিধানের নির্দেশনা অনুসরণ করে সফলভাবে নির্বাচন সম্পন্ন করেছেন। জনগণের দেয়া ম্যান্ডেট অনুযায়ী বর্তমান সরকার ৫ বছর ক্ষমতায় থাকবে। তাই সাংবিধানিকভাবেই ২০১৯ সালের আগে কোন নির্বাচন হবেনা। বেগম খালেদা জিয়া সব হারিয়ে এখন সংলাপের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু জঙ্গিদের পৃষ্ঠপোষক খুনিদের সঙ্গে কোন সংলাপ হবেনা। বিরোধী দলের যে কোন নিয়মতান্ত্রিক আন্দোলন ও সমালোচনাকে সরকার সব সময় স্বাগত জানাবে। তবে, আন্দোলনের নামে, জ্বালাও, পোড়াও, বোমাবাজি, হত্যাসহ যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।