অভিজিৎ হত্যা: আলামত এফবিআইয়ের ল্যাবে পরীক্ষা করা হবে

আপডেট : ০৯ মার্চ ২০১৫, ২১:৪৮
 
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে সংগৃহীত আলামত পরীক্ষার জন্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 
এরই মধ্যে অভিজিৎ হত্যা মামলার তদন্তে বাংলাদেশে আসা এফবিআইয়ের সদস্যরা জব্দকৃত আলামতের নমুনা যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তবে সবকিছু নির্ভর করছে আদালতের নির্দেশনার ওপর। আদালতের নির্দেশনা নেয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছে মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি।
 
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানান, যুক্তরাষ্ট্রের ল্যাব আমাদের দেশীয় ল্যাবের চাইতে আরো বেশি উন্নত প্রযুক্তিসম্পন্ন। একারণে সেখানে পরীক্ষা করা হলে কিছু বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
 
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যার পর ঘটনাস্থল থেকে যে আলামত উদ্ধার করা হয়েছে সেসব থেকে খুনিদের হাতের ছাপসহ ফেলে যাওয়া ক্লু পাওয়া যেতে পারে।
 
ডিবির যুগ্ম কমিশনার আরো বলেন, গ্রেফতারকৃত ফারাবীর ফেসবুকের লিস্টে আছে বা কমেন্ট ও হত্যা করতে চেয়েছে-এমন ব্যক্তিদের তালিকা করা হয়েছে। এছাড়া ফেসবুকের বাইরের কেউ অভিজিৎক হত্যা করতে পারে। এখন পর্যন্ত ফারাবীর জিজ্ঞাসাবাদ শেষ হয়নি।
 
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে লেখক ও ব্লগার অভিজিত্ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে আসলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন অভিজিৎ রায়। আর গুরুতর আহত হন রাফিদা আহমেদ বন্যা। বর্তমানে তাকে উন্নত চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে নেয়া হয়েছে। অভিজিৎ ও বন্য দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক।