মঙ্গলবারের হরতাল শিথিল, বিজয় মিছিল করবে ২০ দল

আপডেট : ০৯ মার্চ ২০১৫, ২১:৫৬
 
বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিন্দন জানিয়ে মঙ্গলবারের হরতাল শিথিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। বাংলাদেশের জয় উপলক্ষ্যে জোটের পক্ষ থেকে বিজয় মিছিল করারও ঘোষণা দেয়া হয়েছে। সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানিয়েছেন।
তিনি বলেন, 'প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় আগামীকাল মঙ্গলবার ২০ দলের পক্ষ থেকে সারাদেশে এই বিজয়কে অভিনন্দন জানিয়ে মিছিল হবে। এ উপলক্ষে আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বঘোষিত হরতাল কর্মসূচি শিথিল করা হয়েছে। তবে অবরোধ অব্যাহত থাকবে।'
হরতাল পুনরায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে বলে বিবৃতিতে বলা হয়েছে।