অভিনয়ের জন্য তারকারা কত কিছুই না করেন। পর্দায় প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাদের অক্লান্ত শ্রম। সম্প্রতি একটি ছবিতে ভারি পোশাক পরে আবারও সে কথাই যেন স্মরণ করিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন।
বর্তমানে সঞ্জয় লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে কাজ করছেন দীপিকা। আর এই ছবিরই একটি গানে সম্প্রতি দীপিকা এমন একটি পোশাক পরলেন যার ওজন ২০ কেজি! পুরো পোশাক জুড়েই ছিল নানা ধাতব অলঙ্কারের কাজ।
এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘অবশ্যই অনেক কষ্ট করতে হয়েছে। শুরুতে একটু ভয় থাকলেও কাজের সময় এসব মাথায় ছিল না। এখন দর্শকদের ভালো লাগলেই কষ্টটা স্বার্থক মনে হবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
তবে ভারি পোশাক পরা কিন্তু দীপিকার জন্য মোটেও নতুন কিছু নয়। এর আগেও বানসালির ‘রাম লীলা’ ছবিতে ৩০ কেজি ওজনের পোশাক পরেছিলেন দীপিকা। দীপিকার তাই নিজেকে শক্তিমান ভাবাটাই স্বাভাবিক! দীপিকা বলেন, ‘আমি মোটেও এমন কিছু নই। বরং এধরণের পোশাক পরে পারফর্ম করার সময় আরও ভালোভাবে বুঝতে পারি আমার স্বাস্থ্য হয়তো আরেকটু ভালো হওয়ার দরকার ছিল!’
