‘মুসলিম লীগের মত পরিণতি হবে বিএনপির’

আপডেট : ১০ মার্চ ২০১৫, ১২:০৮
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির জন্ম সামরিক শাসনের মধ্যে। এই দলের নেত্রী খালেদা জিয়ার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। সর্বশেষ দলটির ৫ জানুয়ারির নির্বাচন বয়কটে প্রমাণ হয়েছে, তারা গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা ব্যাহত করতে চায়। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, নির্বাচন ছাড়া কোন দলই টিকে থাকতে পারে না। ভবিষ্যতে বিএনপির পরিণতি হবে মুসলিম লীগের মত।
কেন্দ্রীয় ১৪-দল ঘোষিত তিন দিনব্যাপী উত্তরবঙ্গ অভিমুখে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন গতকাল সোমবার সিরাজগঞ্জে দুইটি পৃথক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সিরাজগঞ্জের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বাসদসহ ১৪ দলের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে যোগ দেন।
মোহাম্মদ নাসিম বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের মেয়াদ ৫ বছর। আওয়ামী লীগ ৫ জানুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে। মেয়াদপূর্তির পর ২০১৯ সালের জানুয়ারি মাসে পরবর্তী নির্বাচন হবে।
চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজী  জিন্নাহ এবং সিরাজগঞ্জের কড্ডায় অনুষ্ঠিত জনসমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। জেলা ১৪ দলের সমন্বয়ক মোস্তফা কামাল খানের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, আব্দুল মজিদ মণ্ডল এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জাসদের  রেজাউল করিম তানসেন এমপি, বাসদের রেজাউর রশীদ খান, কমিউনিস্ট কেন্দ্রের  ওয়াজেদ আলী খান, গণতন্ত্রী পার্টির রেজাউল করিম সূর্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আবু ইউসুফ সূর্য, রিয়াজউদ্দিন, জান্নাত আরা হেনরী তালুকদার।