টানা ৬ কর্মদিবস দরপতনের পর ধীরে ধীরে পুঁজিবাজারের সূচক বাড়তে শুরু করেছে। তবে সূচক বাড়লেও লেনদেনে কোনো উন্নতি নেই। উপরন্তু লেনদেনের পরিমাণ কমতে শুরু করেছে। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে—দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা কিছুটা কমায় পুঁজিবাজারের দরপতনও কিছুটা বন্ধ হয়েছে। তবে বিনিয়োগকারীদের বড় অংশই রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে আস্থাশীল হতে পারেনি। তাই তাদের অংশগ্রহণ আশানুরূপ নয়।
তথ্যে দেখা গেছে—মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৩ বেড়ে ৪ হাজার ৬৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫ কোটি ২১ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ২৪ কোটি ৫৩ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৬ বেড়ে ১৪ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৭ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দর।
ডিএসই সূত্রে জানা গেছে—পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ৬৭ দশমিক ৭৪ শতাংশ। সমাপ্ত বছরে ব্যাংকের ইপিএস হয়েছে ৩ টাকা ১২ পয়সা। ২০১৩ সালে ব্যাংকটি ইপিএস ছিল ১ টাকা ৮৬ পয়সা। সর্বশেষ হিসাব বছরে ব্যাংকটির মুনাফার পরিমাণও বেড়েছে। ব্যাংকটি কর পরিশোধের পর মুনাফা করেছে ৯৬ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। আগের বছর একই সময়ে মুনাফা করেছিল ৫৭ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা। এ ছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ১৪ দশমিক ৬০ শতাংশ। সমাপ্ত বছরে কোম্পানির ইপিএস হয়েছে ৩ টাকা ৬১ পয়সা। ২০১৩ সালে কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ১৫ পয়সা। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির মুনাফার পরিমাণও বেড়েছে। কোম্পানিটি কর পরিশোধের পর মুনাফা করেছে ২৬ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ২৩ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা।
