খালেদা জিয়ার কার্যালয় আরো সুরক্ষিত হচ্ছে

আপডেট : ১১ মার্চ ২০১৫, ০০:১১
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় আরো সুরক্ষিত করা হচ্ছে। গত মাসে তার কার্যালয় ঘিরে যখন খুব বিক্ষোভ হচ্ছিল তখন কার্যালয়ের সীমানা প্রাচীর কাটাতারের বেস্টনি দিয়ে ঘিরে দেয়া হয়। আরো নিরাপত্তা নিশ্চিত করতে কার্যালয়ের ফটকের সামনে এখন কলাপসিবল গেট লাগানো হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকাল থেকে গেট লাগানোর কাজ শুরু হয়েছে। কার্যালয়ে ঢোকার পথে এটি দ্বিতীয় ফটক। এই কাজ তদারকি করছেন কার্যালয়ে অবস্থানরত কয়েকজন কর্মকর্তা-কর্মচারি। খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা এ ব্যাপারে বলেন, গেটটি আগে থেকেই ছিল। এখন তা সংস্কার করা হচ্ছে। আরাফাত রহমান কোকোর মৃতদেহ গুলশানের কার্যালয়ে নেয়া হলে সেখানে জনতার ঢল নামে। মানুষের চাপে তখন গেটটি ভেঙে গিয়েছিল। তাই মেরামত করা হচ্ছে।