৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন সাবের

আপডেট : ১১ মার্চ ২০১৫, ০২:৫২

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের পেট্রোলবোমায় দগ্ধ আরো একজনে মৃত্যু হয়েছে। তার নাম সাবের আহমেদ (২৮)। তিনি পেশায় ছিলেন সিএনজি অটোরিকশা চালক। গত বুধবার রাতে জেলার হাটহাজারী উপজেলার চারিয়া বুড়ি পুকুরপাড় এলাকায় দুর্বৃত্তরা তার অটোরিকশা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ঘটনায় সাবের ও রণজিত্ নাথ নামে এক যাত্রী গুরুতর দগ্ধ হন। রণজিত্ গত বৃহস্পতিবার চমেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সাবেরও মৃত্যুর কাছে হার মানলেন সাবের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দমদমা এলাকার তোফায়েল আহমেদের ছেলে।

এদিকে, এই হামলার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে হাটহাজারী থানায় মামলা দায়ের করে পুলিশ। মামলায় মির্জাপুর ইউনিয়ন পরিষদ সদস্য বিএনপি নেতা ইয়াকুবসহ ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামী করা হয়। গতকাল পর্যন্ত পুলিশ বিএনপি নেতা ইয়াকুবসহ ২৩ জনকে গ্রেফতার করে হাটহাজারী থানার ওসি (তদন্ত) সালাহউদ্দিন ইত্তেফাককে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ইকবাল হোসেন ও কামাল নামে দুই আসামী ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন।