যেকোনো অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ তুলে নিয়েছে পাকিস্তান। এর আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল। মঙ্গলবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
কর্মকর্তারা বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব অপরাধী আপিল করেছেন এবং প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন তাদের মধ্যে যাদের আবেদন খারিজ হয়ে যাবে তাদের দণ্ড কার্যকর করা হবে।
২০১৪ সালের ১৬ ডিসেম্বর পোশোয়ারে স্কুলশিশুদের ওপর জঙ্গি হত্যাযজ্ঞের পর সন্ত্রাসী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কয়েকজনের দণ্ড কার্যকরের মাধ্যমে প্রায় সাত বছর ধরে চলে আসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল পাকিস্তান সরকার।
মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, পাকিস্তানে ৮ হাজারেরও বেশি মানুষকে বিভিন্ন অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এদের মধ্যে তাদের মাঝে প্রায় ১ হাজার অপরাধীর আপিল ও প্রাণভিক্ষার আবেদন খারিজ হয়ে গেছে।
ইসলামাবাদে নিযুক্ত বিবিসি প্রতিনিধি এম ইলিয়াস জানিয়েছেন, এই সময়ে এই স্থগিতাদেশ তুলে নেয়ার কারণ পরিষ্কার নয়।
