ডিএসইর ৮০ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে

আপডেট : ১১ মার্চ ২০১৫, ১৮:০৪
 
 
 
 
টানা ৬ কর্মদিবস দরপতনের পর সোমবার ও মঙ্গলবার উভয় পুঁজিবাজারের সূচক কিছুটা বাড়লেও বুধবার কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনকৃত ৩০৮ কোম্পানির মধ্যে ৮০ শতাংশ কোম্পানিরই শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে। দরপতনের ক্ষেত্রে সবচেয়ে আগ্রাসী ছিল ব্যাংকিং খাত। এ খাতে লেনদেনকৃত ২৯টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানির শেয়ারদর কমেছে। ৩টি কোম্পানির শেয়ারদর ছিল অপরিবর্তিত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর কমেছে ৩ শতাংশ। শীর্ষ দর হারানো কোম্পানিগুলোর মধ্যে ছয়টি ব্যাংকিং খাতের। এর মধ্যে সোস্যাল ইসলামি ব্যাংকের  শেয়ারদর ১০ শতাংশ কমেছে। প্রাইম ব্যাংকের শেয়ারদর ৯ দশমিক ৭২ শতাংশ কমেছে। পূবালী ব্যাংকের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৭২ শতাংশ। এ ছাড়া, রূপালী ব্যাংকের শেয়ারদর ৮ শতাংশ এবং  স্টান্ডার্ড ব্যাংকের শেয়ারদর ৫ শতাংশ কমেছে। রেকর্ড ডেট পার হওয়ায় ব্যাংকগুলোর দর পতন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বাজারের লেনদেন পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে—গতকাল জ্বালানি, ওষুধ, ইঞ্জিনিয়ারিং এবং বস্ত্র খাত ঘিরে লেনদেন হয়েছে ১৮৮ কোটি ৬১ লাখ টাকার, যা বাজারের মোট লেনদেনের ৬১ শতাংশ।
তথ্যে দেখা গেছে, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬৩ কমে ৪ হাজার ৫৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ১৩ কমে ১ হাজার ৭১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১০ কোটি ২৮ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৫৫ কোটি ৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৬১ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৮ কোটি ২৮ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দর।