দিনে-দুপুরে খুন করে স্বর্ণালঙ্কার ছিনতাই

আপডেট : ১১ মার্চ ২০১৫, ১৮:১৩
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মধ্যপাড়ায় এক বৃদ্ধাকে খুন করে স্বর্ণ ও রূপার অলঙ্কার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুরের এই ঘটনা নিহত বৃদ্ধা নূরবানু বেগম (৬৫) ওই এলকার মৃত রব্বান শেখের স্ত্রী।
 
রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান,  দুপুরে নূরবানু নিজ বাড়ির পাশের আমবাগানে পাতা কুড়াচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর দুই কান ছিঁড়ে স্বর্ণের দুল, হাতের রুপার চুরি ও গলার রুপার মাদুলি ছিনিয়ে নেয়।
 
দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন বাগানে ওই নারীর মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা মাদকসেবীদের কাজ। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।