চট্টগ্রামের ফটিকছড়িতে গণ পিটুনিতে তিন 'ডাকাত' নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে আট টায় ফটিকছড়ির উত্তর পাইন্দং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিন ডাকাতের মধ্যে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ওসমান ডাকাতসহ অজ্ঞাতনামা আরো দুজন রয়েছেন। নিহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন গণপিটুনির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় আনোয়ার মেম্বার জানান, বুধবার রাত আট টার সময় ১০/১৫ জনের একদল ডাকাত উত্তর পাইন্দং আনু বাপের বাড়ীর জনৈক বদনের ঘরে হানা দেয়। ডাকাতি করার সময় ঘরের লোকজন চিৎকার শুরু করলে ডাকাতরা ফাঁকা গুলি করে।
এসময় গ্রামের মসজিদের মাইকে ডাকাত হানা দেয়ার বিষয়টি ঘোষণা করা হলে আশপাশের লোকজন এসে চারিদিক থেকে দলকে ঘিরে ফেলে এলোপাথাড়ি গণপিটুনি শুরু করে। একপর্যায়ে গণপিটুনিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ওসমানসহ তার অপর দুই সহযোগী ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তিন জনের লাশ উদ্ধার করেছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ওসমান ডাকাত উত্তর পাইন্দং এর মৃত নুর আহমদের পুত্র বলে জানা গেছে। উল্লেখ্য গত ৪ মার্চ উপজেলার কাঞ্চন নগর এলাকায় গণ পিটুনিতে এক অজ্ঞাতনামা ডাকাত নিহত হয়।
