সালাহ উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করতে রিট

আপডেট : ১২ মার্চ ২০১৫, ১৬:০২
 
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে আদালতে হাজির করতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ।
আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন, সালাহ উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়েছে। কেন তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করা হবে না, এ বিষয়ে রুলও চাওয়া হয়েছে।
গতকাল বুধবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে সালাহউদ্দিন আহমেদকে আটক করার এ দাবি করা হয়েছে।  অন্যদিকে, এই আটকের বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র্যাবের পক্ষ থেকে কেউ স্বীকার করেননি।

গতকাল বিএনপির পাঠানো বিবৃতিতে দাবি করা হয়, মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ, ডিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত টিম উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমেদকে আটক করে নিয়ে যায়। একই সঙ্গে বাসায় কর্মরত একজন পুরুষ ও এক নারী কর্মীকেও ধরে নিয়ে যাওয়া হয়।