চীনে আট মাসের মেয়ে শিশু ৩২ হাজার ডলার এবং ছেলে শিশু বিক্রি হয় ১৬ হাজার ডলারে। বিবিসি এক অনুসন্ধানে এ তথ্য জেনেছে। এদিকে, চীনে শিশু বিক্রির ব্যবসা বেশ রমরমা। চীনে প্রতি বছর ২০ হাজার শিশু নিখোঁজ হয়। সপ্তাহে শিশু নিখোঁজের পরিমাণ ৪ হাজার বলে জানা গেছে।
সাধারণত অনলাইনেই এই বাণিজ্য চলে। এর রয়েছে অনির্দিষ্ট বাজার। আগ্রহীদের ছবি এবং ভিডিওর মাধ্যমে দেখানো হয় শিশুকে। সেখানে দরদামের আলাপ চলে। তারপর নির্দিষ্ট গন্তব্যে শিশুকে পৌঁছে দেয়া হয়।
১২ বছর আগে প্রথম চীনা পুলিশ একবার ২৮টি শিশুসহ একটি চক্রকে আটক করেছিল। তারা নাইলনের ব্যাগে ভরে একটি বাসের পেছনের সিটে শিশুদের চুরি করে নিয়ে যাচ্ছিল।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয় শিশু ব্যবসায়ীরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তাদের বাণিজ্য চালিয়ে থাকে। গত বছর এমন ১ হাজার ৩৪ জন অপরাধীকে গ্রেফতার এবং ৩৮২ শিশুকে উদ্ধার করে পুলিশ।
মেসেঞ্জারসহ বিভিন্ন অ্যাপলিকেশন এই ব্যবসায় ব্যবহৃত হয় বলে কয়েকজন জানিয়েছেন। বিভিন্ন হাসপাতালে পরিত্যক্ত শিশুরাও বাজারে বিক্রি হয়। অনেক নিঃসন্তান দম্পতি তাদের গ্রহণ করে থাকেন বলে জানা যায়।
