পৃথিবীতে ফিরলেন তিন নভোচারী

আপডেট : ১২ মার্চ ২০১৫, ১৮:৫৪



রাশিয়ার সয়ুজ মহাকাশ যানে করে পৃথিবীতে ফিরলেন তিন নভোচারী। এদের মধ্যে দুজন রুশ ও একজন মার্কিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছয়মাস কাটিয়ে বৃহস্পতিবার তারা পৃথিবীতে ফিরে এলেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং রাশিয়ার রসকসমস থেকে তাদের ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিন নভোচারী এলেনা সারোভা, আলেকজান্ডার সামোকুতিয়েভ ও ব্যারি উইলমোরকে নিয়ে কাজাখস্তানে নভোযান সয়ুজ অবতরণ করে। এলেনা সারোভা প্রথম রুশ নারী নভোচারী যিনি আর্ন্তজাতিক মহাকাশ কেন্দ্রে কাটিয়ে এলেন।
এ তিন নভোচারী গত ২৬ সেপ্টেম্বর মহাকাশের উদ্দেশে পৃথিবী ছাড়েন। তারা মহাকাশে ১৬৭ দিনে সাত কোটিরও বেশি মাইল ভ্রমণ করেন।
সকল ক্রু সুস্থ আছেন বলে জানান মহাকাশ ইন্ড্রাস্ট্রির দায়িত্বে থাকা রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। তিনি বলেন, সবকিছুই ঠিক ঠাক রয়েছে। ক্রুদের ক্যাপসুল থেকে বের করে আনা হয়েছে। তারা সকলে সুস্থ আছেন।
রসকসমস থেকে বলা হয়েছে, আগামী ২৭ মার্চ কাজাখস্তানের বাইকোনুর থেকে পরবর্তী ক্রুদের মহাকাশে পাঠানো হবে। এরা হলেন মার্কিন নভোচারী স্কট কেলি এবং রাশিয়ার মিখাইল করনিয়েনকো ও গেনাদি পাদালকা। -এএফপি