ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ছোনকা এলাকায় অবস্থিত মজুমদার এগ্রোফুড প্রোডাক্টসের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের আয়েন উদ্দিন শেখের স্ত্রী বিহারোন বেওয়া (৭০), তার মেয়ে সফুরা বিবি (৫০) ও সুঘাট গ্রামের আজিজুল হকের ছেলে জেল হোসেন (৪০)।
শেরপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম জানান, বগুড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া শাহফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও চোমরপাথালিয়া থেকে আসা অপর একটি সিএনজি চালিত অটোরিকশা মহাসড়কের ওই স্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আটোরিকশা যাত্রী বিহারোন বেওয়া মারা যান। আহত হন অটোরিকশা চালকসহ ৪ জন ।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫ টায় সফুরা বেগম ও জেল হোসেন মারা যান ।
বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম হাসপাতালে ২ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।
অটোরিকশার চালক উপজেলার বিশ্বা গ্রামের নজরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম শফি (৩০) ও অপর অজ্ঞাত যাত্রী (৪০) গুরুতর আহত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
