ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের পুরোনো ভবনের বারান্দায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে ভবনটির নিচতলায় ৩১ নম্বর আদালতের বারান্দায় বিকট শব্দে এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে। ঘটনাস্থলে ভাঙা মোবাইল, ব্যাটারি ছড়িয়ে ছিটিয়ে ও একটি কাগজের ব্যাগে ডিভাইসটির তার বের হয়ে আছে। তবে এই বোমায় কোনো স্প্রিন্টার না থাকায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এদিকে মোবাইল বোমা বিস্ফোরণের পর বিকাল ৫টার দিকে প্রধান বিচাপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহা ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাস্থলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে কেউ পরিকল্পিতভাবে বিস্ফোরণের আগেই বোমা এবং একটি মোবাইল ফোনের ডিভাইস ওই স্থানে রেখে যান। পরে দূর থেকে কল দিয়ে মোবাইলে ভাইব্রেশনের মাধ্যমে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ভবনে একাধিক সিসি ক্যামেরা লাগানো আছে। ফলে খুব দ্রুতই তদন্ত করে জড়িতদের চিহ্নিত করা যাবে বলে তিনি আশা করেন।
