হাইকোর্টে জামিন পেলেন জান্নাতি হোসেন

আপডেট : ১২ মার্চ ২০১৫, ২১:১০
 
 
 
 
সড়ক দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুতে পুলিশের দায়েরকৃত মামলায় স্থায়ী জামিন পেয়েছেন তরুণ নারী উদ্যোক্তা জান্নাতি হোসেন। রুলের ওপর শুনানি গ্রহণ করে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
এর আগে জান্নাতির জামিন আবেদনের ওপর হাইকোর্টের দুটি এবং জামিন প্রশ্নে জারিকৃত রুল শুনানি গ্রহণ করতে আরেকটি বেঞ্চ অপরাগতা প্রকাশ করে। পরে সংশ্লিষ্ট বেঞ্চে রুলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে জান্নাতির পক্ষে অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানি করেন। তারা সাংবাদিকদের বলেন—হাইকোর্ট রুল মঞ্জুর করে নিয়মিত জামিন দেয়ায় জান্নাতির কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
গত বছরের ১১ জুলাই মধ্যরাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেটের দিকে যাওয়ার সময় শাহীনবাগ এলাকায় একটি প্রাইভেটকার পুলিশের একটি পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং নিহত হন এর আরোহী কে এম মোস্তামসির আশরাফ শুভ্র। গাড়িটি চালাচ্ছিলেন শুভ্রের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার ভেলোসিটি কার মডিফাই শপের মালিক ও অটোমোবাইল ম্যাগাজিন টর্কের সম্পাদক জান্নাতি হোসেন। এ ঘটনায় পর দিন তেজগাঁও থানার এসআই সর্দার নিজামুল হক জান্নাতির বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা করেন। এই মামলায় গ্রেফতার হন তিনি। ১০ দিন পর নিহত শুভ্রর চাচা আবদুল হান্নান খান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জান্নাতির বাবা, মা ও ভাইকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আদালতের আদেশে দুই মামলা একীভূত করে একটি মামলা হিসেবে তদন্ত শুরু হয়। এই মামলায় নিম্ন আদালতে জামিন চান জান্নাতি হোসেন। কিন্তু আদালত না মঞ্জুর করে। পরে নিম্ন আদালতের জামিন আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করা হয়। পরে হাইকোর্টের একটি বেঞ্চ জামিন প্রশ্নে রুল জারি করে। ওই রুলের শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।