মংলায় ধ্বংসস্তূপ থেকে আরো একটি লাশ উদ্ধার

আপডেট : ১৩ মার্চ ২০১৫, ১৫:১৯
 
বাগেরহাটের মংলায় সেনাকল্যাণ সংস্থার সিমেন্ট কারখানায় নির্মাণাধীন ভবনের ধ্বংসস্তূপ থেকে আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।
বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শাহ আলম সরদার ও পুলিশ সুপার নিজামুল হক মোল্লা জানান, বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঢালাইয়ের জন্য শতাধিক শ্রমিক কাজ করছিল। এ সময় হঠাত্ চারতলার ছাদ ধসে পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহত হয়।
এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়। আজ সকালে আরো একটি লাশ উদ্ধার করা হলো। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ৩০/৩৫ জনের মতো আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।
হতাহতের ঘটনায় সেনা কল্যাণ সংস্থার পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।