বাগেরহাটের মংলায় সেনাকল্যাণ সংস্থার সিমেন্ট কারখানায় নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় উদ্ধার অভিযান শুক্রবার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।
সেনা কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. সেলিম জানান, ধ্বংসস্তূপে মোট সাতজনের লাশ পাওয়া গেছে। নতুন করে জীবিত বা মৃত কাউকে পাওয়া যায়নি। একারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।
এর আগে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, মংলা বন্দর হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা একটার দিকে মংলা শিল্প এলাকায় সেনা কল্যাণ সংস্থার মালিকানাধীন মংলা সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীন ওই মিলিং হাউজের ছাদ ধসে পড়ার পর ফায়ার ব্রিগেড, নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা সেখানে উদ্ধার তত্পরতা চালান। হতাহতের ঘটনায় সেনা কল্যাণ সংস্থার পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
