সিউলে মার্কিন রাষ্ট্রদূতকে ছুরিকাঘাত: হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট : ১৩ মার্চ ২০১৫, ১৭:৩৭
 
 
 
দক্ষিণ কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলাকারীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির রাজধানী সিউলে এক কোরিয়ান নাগরিকের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্ট। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়া লিপার্ট যত দ্রুত সম্ভব কাজে ফিরবেন বলে জানিয়েছেন। খবর এনডিটিভির।
শুক্রবার সিউলের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কিম চোল জুন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, হামলাকারী কিম কি জং হত্যার উদ্দেশেই মার্কিন রাষ্ট্রদূতের ওপর এ হামলা চালায়। এটি একটি সুপরিকল্পিত হামলা এবং ফৌজদারি অপরাধ।’
এ দিকে হত্যাচেষ্টার কথা অস্বীকার করে কিম জং জানিয়েছেন—তিনি একাই এ হামলা পরিচালনা করেছেন এবং এর পেছনে পিয়ংইয়ংয়ের কোনো হাত নেই।
এর আগে ২০১১ সালে তত্কালীন জাপানি রাষ্ট্রদূতের ওপর পাথর ছুড়ে মারার অপরাধে কিম কি জংকে দণ্ডিত করা হয়।
বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে ৫৫ বছর বয়সী কিম কি জং ফল কাটার একটি ছোট ছুরি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত লিপার্টের ওপর হামলা চালান। এ সময় তিনি চিত্কার করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সখ্যের আপত্তি জানিয়ে রাষ্ট্রদূতের কাছে গিয়ে তার মুখে কোপ দেন। এতে লিপার্টের মুখের এক পাশের জখম থেকে রক্ত ঝরতে দেখা যায়।
হামলার সময় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ারও প্রতিবাদ করেন ওই ব্যক্তি। পরে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেন।
চিকিত্সকেরা জানিয়েছেন—ছুরিকাঘাতে লিপার্টের মুখের ডান দিকে গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় ৮০টি সেলাই দিতে হয়েছে। হাতের কবজিও কেটে যায় লিপার্টের।