দ্বীপরাষ্ট্র টোঙ্গার উত্তরে প্রশান্ত মহাসাগরের নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে জেগে উঠেছে একটি নতুন দ্বীপ।
টোঙ্গার রাজধানী নুকুয়ালোফা থেকে ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে দ্বীপটির অবস্থান বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। ৫০০ মিটার দীর্ঘ এ দ্বীপটি হুংগা টোঙ্গা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে। গত বছরের ডিসেম্বরে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ওই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়।
নতুন ওই দ্বীপটি ভীষণ অস্থিতিশীল দ্বীপটিতে যাওয়া ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে বিজ্ঞানীরা। আগ্নেয়গিরিটির জ্বালামুখে সালফিউরিক এসিডের একটি পুকুরও সৃষ্টি হয়েছে।
আগ্নেয়গিরির কয়েকশ’ মিটার দূর থেকে নৌকা থেকে ধারণ করা ভিডিওতে দ্বীপটি থেকে ধোঁয়া উড়ছে। অগ্ন্যুৎপাত শুরু হওয়ার দিন থেকে স্যাটেলাইটে ধারণ করা ছবিরে সমুদ্রে নতুন শিলা ও পলি সৃষ্টি হতে দেখা যাচ্ছিল।
এদিকে নতুন দ্বীপে যাওয়ার ব্যাপারে বিজ্ঞানীরা ঝুঁকির কথা বললেও গিয়ানপিয়েরো ওরবাসানো নামে টোঙ্গার এক বাসিন্দা তার দুই বন্ধুর সঙ্গে দ্বীপটি ঘুরে এসেছেন। তিনি ওই দ্বীপটির ছবিও তুলে এনেছেন। শিগগিরই আবার ওই দ্বীপে যাবেন বলেও জানান তিনি।
