জেমস বন্ড সিরিজের নতুন ছবিতে সিরিজটি হাজির করতে যাচ্ছে নতুন বন্ডকন্যাকে। আর এই বন্ডকন্যা হচ্ছেন স্টেফানি সিগম্যান। জেমস বন্ডের ফেসবুক পেইজে জানানো হয়েছে এই তথ্য।
এই সিরিজে আগেই বন্ডকন্যা হিসেবে কাজ শুরু করেছেন মনিকা বেলুচ্চি এবং লিয়া সেডু। তাদের পাশাপাশি নতুন বন্ড ছবিতে যুক্ত হয়েছেন ক্রিস্টোফ ওয়াল্টজ, ডেভ বাউটিস্টা ও অ্যান্ড্রু স্কট। ২৮ বছর বয়সী এই মেক্সিকান অভিনেত্রী স্টেফানি সিগম্যান এর আগে ‘মিস বালা’ এবং ‘পাইওনিয়ার’-এর মতো ব্যবসাসফল ছবিতে কাজ করেছেন। এই ছবিতে তার চরিত্রের নাম এস্টেল। এ প্রসঙ্গে স্টেফানি সিগম্যান বলেন, ‘বন্ড সিরিজের ছবিগুলো অনেক আগে থেকেই আমার খুবই প্রিয়। আর বন্ডকন্যার চরিত্র তো নিঃসন্দেহে প্রত্যেক অভিনেত্রীর স্বপ্ন। এবার আমিও স্বপ্নের এই চরিত্রে অভিনয় করছি। তাই আমি খুবই আনন্দ বোধ করছি।’
