খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়িতে জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে হামলায় সহকারী পুলিশ সুপার (এএসপি), ওসিসহ আট পুলিশ সদস্য আহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওসির গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় এখনো কেউ আটক না হলেও শনিবার সকালে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিককে আসামি করে মামলা করা হয়েছে।
হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে সদর সার্কেলের এএসপি সারোয়ার মাথায় আঘাত পেয়েছেন। এছাড়া ওসি মিজানুর রহমান, এএসআই তরুণ চাকমা, মোহাম্মদ বেলাল হোসেন, কনস্টেবল আবুল কালাম, নাজির হোসেন, রানা প্রতাপ ও মোহাম্মদ আরিফ ইট-পাটকেলে হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাদের সবাইকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত এএসপি সারোয়ার বলেন, ‘কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মেলা প্রাঙ্গণে জুয়ার আসর বসানোর খবর পেয়ে রাতে তারা অভিযানে যান। ঘটনাস্থলে পৌঁছামাত্র জুয়াড়িরা সংঘবদ্ধ হয়ে পুলিশের দিকে ঢিল ছুড়তে শুরু করে। তারা ওসি মিজানুর রহমানের গাড়িও ভাংচুর করে।’
