খারাপ আবহাওয়ার কারণে মিয়ানমারে ফেরিডুবির ঘটনায় ৫০ জন মারা গেছে বলে শনিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও স্থানীয়রা মনে করছে, নিহতের সংখ্যা আরো বেশি। খবর রয়টার্সের।
২০৯ জন যাত্রী নিয়ে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম রাখাইন রাজ্যের কিয়াউকফিউ থেকে সিটউয়ে যাওয়ার পথে ফেরিটি দুর্ঘটনাকবলিত হয়। ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা পাই নাইন রয়টার্সকে বলেছেন, ‘২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ আছেন কমপক্ষে ২৭ জন। উদ্ধারকারী দল তাদের খোঁজ করছে।’
দেশটির পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ফেরির ১৬৭ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজদের মৃত বলে ধরা হচ্ছে।
