‘ক্ষমতা ছাড়ার পর থেকে গণতন্ত্রের কবর হয়েছে’

আপডেট : ১৪ মার্চ ২০১৫, ১৬:১১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বাংলাদেশে এখন আর গণতন্ত্র নেই। ১৯৯০ সালে জাতীয় পার্টি (এ) ক্ষমতা ছেড়ে দেয়ার পর থেকে দেশে গণতন্ত্রের কবর হয়েছে। আজ যারা গণতন্ত্রের কথা বলে তাদের চেহারা সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য এবং আওয়ামী লীগ ক্ষমতায় আকড়ে থাকার জন্যই গণতন্ত্রকে কবর দিয়েছে। তাদের দ্বারা আর কোনদিন গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব নয়। কোন সংসদেই বিরোধী দল তাদের ভূমিকা পালন করেনি। জ্বালাও পোড়াও হয়েছে, মানুষ মরেছে। তারা উভয়ে যা শুরু করেছেন তার সমাধান কিভাবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 
শনিবার সকালে ৪ দিনের ব্যক্তিগত সফরে রংপুরে এসে পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 
এরশাদ আরও বলেন, দেশের রাজনৈতিক ব্যক্তিরা ক্ষমতার দম্ভে অন্ধ হয়েছেন। সবাই সরকারের আসনে বসতে চায়। সাধারণ মানুষের কথা কেউ চিন্তা করেনা। 
তিনি বলেন, দেশের এই অবস্থার জন্য উভয় দলই দায়ী। আর এই অবস্থা থেকে কিভাবে বাঁচতে হবে তার পথ রয়েছে আওয়ামী লীগের কাছে। কারণ, আওয়ামী লীগ চাইলে তারা বিএনপি’র সাথে আলোচনা করতে পারে, না চাইলে আলোচনা হবে না। এখন তারা আলোচনা করবে কি করবে না সে বিষয়ে জাতীয় পার্টির (এ) বলার কিছু নেই। 
তিনি বলেন, জাতীয় পার্টি (এ) সবার সাথে আলোচনার যে উদ্যোগ নিয়েছিলো তা ব্যর্থ হয়েছে। কারো সাড়া পাওয়া যায়নি। 
শুক্রবারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলন সম্পর্কে এরশাদ বলেন, চলমান এই অবস্থায় দেশের কি ধরনের ক্ষতি হচ্ছে তা সবাই দেখছে। এরপরেও এই অবস্থার কথা ভেবে আওয়ামী লীগ বধ্যবর্তী নির্বাচন দিবে কিনা সেটা তাদের ব্যাপার। তবে দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলোচনায় বসা। জাতীয় পার্টি (এ) জনগণের দল এবং জনগণের জন্যই কাজ করে যাবে। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এরশাদের ছোট ভাই জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিএম কাদের, জেলা জাতীয় পার্টির (এ) আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির প্রমুখ।