‘মানুষ হত্যা করে ক্ষমতায় আসার খেলায় জয়ী হবেন না খালেদা’

আপডেট : ১৪ মার্চ ২০১৫, ১৭:৫৭
নৌ-পরিবহনমন্ত্রী শাহাজাহান খান বলেছেন, রাজনীতির মাঠে এখন খালেদা জিয়ার সাথে ফাইনাল খেলা চলছে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে ক্ষমতায় আসার খেলায় খালেদা জিয়া আপনি জয়ী হবেন না। পরিচ্ছন্ন ও গণতান্ত্রিকভাবে জনগণকে নিয়ে যারা খেলে সেই রাজনীতির খেলায় তারাই জয়ী হবে। বাংলার মানুষ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে। 
শনিবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর হাইস্কুল মাঠে মজিবুল হক মজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 
অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, জামায়াত-শিবির ও বিএনপি দেশের শত্রু। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে ও গাড়িতে আগুন লাগিয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে তারা নৈরাজ্যবাদী লুণ্ঠনকারী- এরা দেশের উন্নয়নে বিশ্বাসী নয়। রাজনীতির নামে কর্মসূচি দিয়ে দেশের উন্নয়নকে তারা বাধাগ্রস্ত করছে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব-ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. ওমর ফারুক, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, মোশারফ হোসেন প্রমুখ।