মিয়ানমারের বোমাবর্ষণে চীনে নিহত ৪

আপডেট : ১৪ মার্চ ২০১৫, ১৮:৪৯
মিয়ানমার বিমান বাহিনীর নিক্ষিপ্ত বোমা বিস্ফোরণে চার চীনা নাগরিক নিহত হয়েছেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে এ ঘটনা ঘটে। 
শুক্রবার ইউনানের লিনকাঙ শহরের কাছে একটি আখ খেতে বোমাটি বিস্ফোরিত হয়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। 
শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার জেরে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে বেইজিং।
তবে চীনা সীমান্তের ভিতরে বোমাবর্ষণ করার বিষয়টি অস্বীকার করেছে মিয়ানমার। চীনের সঙ্গে মিয়ানমারের “ভুল বোঝাবুঝি” তৈরি করতে বিদ্রোহীরা সচেতনভাবে এ ধরনের কিছু করে থাকতে পারে বলে দাবি করেছে দেশটি।
ফেব্রুয়ারি থেকে চীনা সীমান্ত সংলগ্ন মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলীয় কোকাং এলাকায় বিদ্রোহীদের সঙ্গে লড়াই শুরু করেছে মিয়ানমার সরকারি বাহিনী। এরই এক পর্যায়ে মাত্র কয়েকদিন আগে মিয়ানমার বাহিনীর নিক্ষিপ্ত গোলা দিকভ্রষ্ট হয়ে চীনা সীমান্তের ভিতরে একটি বাড়িতে গিয়ে আঘাত করে।