খালেদাকে অবরুদ্ধে করে রেখেছে তারেক ও জামায়াত: হানিফ

আপডেট : ১৪ মার্চ ২০১৫, ২০:১২
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধে করে রেখেছেন পাকিস্তানের এজেন্ট তারেক রহমান ও জামায়াত। তাদের কথা ছাড়া খালেদা জিয়ার এক পা বাড়ানোর কোন সুযোগ নেই। শুক্রবার সাংবাদিক সম্মেলনে খালেদা জিয়ার দেয়া বক্তব্যে এটিই প্রমাণিত হয়েছে।
 
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে যুব মহিলা লীগ এ সমাবেশের আয়োজন করে। 
হানিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি সজিব ওয়াজেদ জয়ের অপহরণ চেষ্টা সংবাদ প্রকাশ না করতো তাহলে বাংলার মানুষ বুঝতে পারতো না বিএনপি কত জঘন্য দল। আমরা ধিক্কার জানাই
 
খাদ্যমন্ত্রী কারুল ইসলাম বলেন, কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিংবা বিএনপি অধিকাংশ নেতারা এখন আর খালেদা জিয়ার সঙ্গে নেই। বিএনপি যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।
 
তিনি বলেন, খালেদা জিয়ার সুস্থ রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। জঙ্গীদের সাথে উনি গভীর সম্পর্ক গড়ে তুলেছেন। তাই সুস্থ ধারায় ফিরে আসলে জঙ্গীরাই তাকে হত্যা করবে।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপির জন্ম। তাদের চরিত্র বদলায়নি। জনগণ যখন তাদের প্রত্যাখ্যান করেছে, ঠিক সেই সময় তারা ডিজিটাল বাংলাদেশ নসাত্ করার জন্য সজিব ওয়াজেদ জয়কে অপহরণ-হত্যার ষড়যন্ত্র করছে।
 
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আমিনুল ইসলাম আমিন, সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ।