শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সা

আপডেট : ১৫ মার্চ ২০১৫, ১৩:৪৭
 
 
লিওনেল মেসির জোড়া গোলে এইবারকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে আরেকধাপ এগিয়ে গেল বার্সেলোনা।
 
শনিবার রাতে ম্যাচের ৩১তম মিনিটে এগিয়েও বার্সেলোনা। নিজেদের ডি বক্সে স্বাগতিক ডিফেন্ডার বোরহা একিসা হাত দিয়ে বল ঠেকালে পেনাল্টি পায় বার্সেলোনা। তা থেকেই দলকে এগিয়ে দেন মেসি। ১-০ গোলে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধ্বের ষষ্ঠ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি তিনি। এর চার মিনিট পর আর বার্সেলোনাকে রুখতে পারেনি এইবারের রক্ষণ। ইভান রাকিতিচের কর্নারে নিচু হেড করে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। গোললাইন থেকে রক্ষণের একজন বল ফেরানোর চেষ্টা করলেও পারেননি, তার পায়ে লেগে জালে ঢুকে যায়।
 
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ২৭ ম্যাচে কাতালুনিয়া দলটির পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬১।