বাংলাদেশ স্পেশালাইজ টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি (বিএসটিএমপিআইএ) আজিজুল হক বলেন, ‘রাজনীতিবিদরাই দেশের অর্থনীতিকে ফুটো করে দিচ্ছে।’ তিনি রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, ‘দেশের অর্থনীতি ও দেশ ধ্বংস হয়ে গেলে কাদের নিয়ে রাজনীতি করবেন। সরকারের দায়িত্ব দেশের শিল্পকারখানাগুলো সচল রাখা।’ যারা নৈরাজ্য চালাচ্ছে, অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানিয়ে আজিজুল হক বলেন, ‘যদি তাদের গ্রেফতার করতে না পারে, তাহলে বুঝব তাদের সঙ্গে সরকারেরও যোগসাজশ রয়েছে।’ তিনি বলেন, ‘অর্থনীতির মেরুদণ্ড ভেঙে রাজনীতি করার অধিকার কারো নেই।’
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চলমান অবরোধ হরতাল নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ স্পেশালাইজ টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ) কর্তৃক আয়োজিত খতমে কোরআন, প্রতীকী অনশন ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুনুর রশিদ, সংগঠনের নেতা আবদুস সাত্তার, লিয়াকত আলী ভুইয়া মিলন, লে. ক. (অব) হাজী সেলিম উদ্দিন, ফয়েজ উদ্দিন আহমেদ লাবলু, শফিকুল ইসলাম ভরসা, আব্দুস সামাদ, সুলতান মাহমুদ ডলার, আব্দুস সালাম ভুইয়া, কাজী রফিকুল আলম, সালাউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
