২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু রবিবার এক বিবৃতিতে বলেছেন, অবৈধ সরকারের গুম ও খুনের দুঃসাহস এতটাই বেড়েছে যে, তারা ক্রমাগত উপরের দিকে হাত বাড়াচ্ছে। সালাহউদ্দিন আহমদ এদের নিষ্ঠুর সর্বশেষ দৃষ্টান্ত। আমরা তাকে মুক্তি দেয়ার কিংবা আদালতে হাজির করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় পরিস্থিতির অবনতি ঘটলে দায়ভার এই সরকারকেই বহন করতে হবে।
বিবৃতিতে তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে রাতে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে দরোজা ভেঙ্গে ঢুকে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে আইন-শৃংখলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ধরে নিয়ে যায়। পাঁচদিন পরেও তাকে ছেড়ে দেয়া কিংবা আদালতে হাজির করা হয়নি। সরকার ও আইন প্রয়োগকারী সংস্থা গ্রেফতারের কথাও অস্বীকার করে চলেছে। এতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি বলেন, সালাহউদ্দিনকে বেগম খালেদা জিয়া ময়লার বস্তায় ভরে পাচার করে দিয়ে থাকতে পারেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবাস্তব, আজগুবি ও নিষ্ঠুর পরিহাস করেছেন, তার নিন্দা জানাবার ভাষা আমাদের নেই। অবৈধ পন্থায় ক্ষমতাসীন হলেও শাসন-কর্তৃত্ব তাদের করায়ত্বে। কাজেই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা তাদেরই দায়িত্ব।
