আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম বলেছেন, সরকার খালেদা জিয়াকে গ্রেফতার করবে না। খালেদা জিয়ার ব্যাপারে আদলত সিদ্ধান্ত দেবে। আদালত গ্রেফতারের ব্যাপারে নির্দেশ দিলে সরকার আদেশ কার্যকর করবে।
রবিবার বিকেলে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে পল্লী বিদ্যুতায় ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, নাফকো দুর্নীতি মামলায় আদালতের ৬৩ কার্য দিবসে তিনি মাত্র ৭ দিন হাজিরা দিয়েছেন। তিনি আইন, আদালত, রাষ্ট্র, সংবিধান কোন কিছুই মানেন না। ক্ষমতায় থেকে তার ছেলে ও তিনি একের পর এক দুর্নীতি করেছেন। এখন বিচার শুরু হয়েছে। নিজে বাঁচতে আন্দোলনের নামে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মানুষ মারছেন। এটি আন্দোলন নয়। নাশকতা ও জঙ্গি তত্পরতা। তারা মানুষ খুন করে অপরাধ করেছে। এ তত্পরতারও বিচার করা হবে।
বিএনপি নেতা সালাহউদ্দিন প্রসঙ্গকে নাটক আখ্যা দিয়ে সেলিম বলেন, খালেদা জিয়ার নির্দেশেই সালাহউদ্দিন অজ্ঞাত স্থান থেকে বক্তৃতা ও বিবৃতি দিয়ে আন্দোলনের কর্মসূচি দিতেন। কিন্তু তাদের দলের লোকজন এ কর্মসূচি পালন করেনি। খালেদা জিয়া তাকে অরো গভীরে লুকিয়ে রেখেছেন। তার সন্ধান খালেদা জিয়াকেই দিতে হবে। খালেদা জিয়া বিএনপি নেতা সালাহউদ্দিনকে সমুদ্রের অতলে লুকিয়ে রেখে নাটক করছে। তাকে খুঁজে বের করা সরকারের দায়িত্ব নয়।
শেখ ফজলুল করিম সেলিম সংলাপ প্রসঙ্গে বলেন, খুনি ও জঙ্গিদের সাথে কোন সংলাপ হবে না।
ফুকরা ইউনিয়ন আওামীলীগের সভাপতি শের আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধূরী এমদাদুল হক, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান জানে আলম বীরু, আওয়ামীলীগ নেতা মোক্তার হোসেন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
