ধানমণ্ডির বাসায় ঢাকা ভার্সিটি ছাত্র’র ঝুলন্ত লাশ

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ০০:৩৯

রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় সাবিদ হাসান (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার ভোরে সাবিদের বাবা ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। সাবিদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নিহতের বাবা বদরুল হাসান জানান, তিনি সকালে হাঁটতে বের হয়েছিলেন। বাসায় আসার পর দেখেন তার ছেলে গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। তার মুখ স্কচটেপ দিয়ে আটকানো। এ সময় তিনি চি?ত্কার দিলে বাসার সবাই দৌড়ে আসে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে   নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাড়ে ৭টার দিকে পৌঁছলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বদরুল হাসান জানান, তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার চর দমদম এলাকায়। বর্তমানে তারা ধানমন্ডির ৭/এ- ৫৪ নম্বর বাসায় ভাড়া থাকেন। ধানমন্ডি থানা পুলিশ জানায়, ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্টের পর বিষয়টি বোঝা যাবে বলে পুলিশ জানিয়েছে।